পুষ্প মোহন চাকমা, বিলাইছড়ি
রাঙামাটির বিলাইছড়িতে নিজস্ব সংস্কৃতির সমারোহে পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের নববর্ষ বরণ উৎসব বৈসাবি (বৈসুক, সাংগ্রাই বিজু, বিষু, বিহু) উদযাপন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বিলাইছড়ি সেনা জোন ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন মহলের সহায়তা ও পৃষ্ঠপোষকতায় আনুষ্ঠান আয়োজন করেন ‘দোল জিংহানি শিল্পীগোষ্ঠী’ ও উপজেলার জনসাধারণ। সোমবার সকাল ৬টায় নদীতে ফুল ভাসিয়ে অনুষ্ঠান বাস্তবায়ন শুরু হয়। পরে একটি আনন্দ শোভাযাত্রা করা হয়েছে।

বিলাইছড়ি স্টেডিয়ামে নির্মিত ফটকে ইউএনও মো. মিজানুর রহমানের ফিতাকেটে অনুষ্ঠান উদ্বোধনের পর পাহাড়ি সংস্কৃতির বিভিন্ন খেলা যেমন ঘিলাখেলা, নাধেং খেলা ও বাঁশ খড়ম দৌঁড় প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায় অনুষ্ঠিত হয়।
বিকালে পাহাড়িদের নানা সংস্কৃতির প্রদর্শনী শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৈসাবি উদযাপন অনুষ্ঠানের আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।
