পার্বত্য চট্টগ্রামের প্রবীণ ইসলামী ব্যক্তিত্ব রাঙামাটি সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও রিজার্ভ বাজার জামে মসজিদের খতিব অধ্যক্ষ আল্লামা আলহাজ¦ হাফেজ ক্বারী নজরুল ইসলাম নঈমী’র জানাজায় হাজারো মানুষের ঢল নেমেছে। শনিবার দুপুরে শহীদ আবদুস শুক্কুর স্টেডিয়ামে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার পূর্বে সংক্ষিত স্মৃতিচারণ করতে গিয়ে বিশিষ্টজনেরা বলেন, অধ্যক্ষ আল্লামা নজরুল ইসলাম নঈমী পার্বত্য চট্টগ্রামে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিনি জাতি-ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে সমান গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ছিলেন। যেকোনো সমস্যাকে তিনি সংঘাত এড়িয়ে সমঝোতার মাধ্যমে সমাধান করতেন। যার কারণে তিনি সকল সম্প্রদায়ের কাছে আস্থাভাজন ও প্রিয়ভাজন ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। যা বর্তমান সময়ে বিরল।
অধ্যক্ষ আল্লামা নজরুল ইসলাম নঈমী আমৃত্যু রাঙামাটি জেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমন্বয় কমিটির সভাপতি ছিলেন। তাঁকে শেষবারের মত দেখতে ছুটে আসেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত কেন্দ্রীয় চেয়ারম্যান শায়খুল হাদিস আলহাজ¦ কাজী মঈন উদ্দিন আশরাফী, কেন্দ্রীয় আহলে সুন্নাত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক আলহাজ¦ এম এ মতিন। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ তাঁকে শেষবারের মত দেখতে রিজার্ভ বাজারস্থ বাসভবনে ছুটে আসেন। রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, আহলে সুন্নাত ওয়াল জামা’আত রাঙামাটি জেলা সমন্বয় কমিটির সদস্য সচিব এম এ মুস্তফা হেজাজী, জেলা গাউছিয়া কমিটির সদস্য সচিব মুহাম্মদ আবু সৈয়দসহ বিভিন্ন তরীকতের নেতৃবৃন্দ অধ্যক্ষ আল্লামা নজরুল ইসলাম নঈমীকে শেষবারের মত দেখতে ছুটে আসেন।
শুক্রবার রাত আটটায় চট্টগ্রামস্থ মেট্রোপলিটন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর সংবাদে রাঙামাটিতে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে শহরের রিজার্ভ বাজার জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও রাঙামাটি সিনিয়র মাদ্রাসায় শিক্ষকতা পেশায় যোগদান করে অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন। তাঁর মৃত্যুতে দেশ বিদেশ থেকে অসংখ্য সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
জানাজার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত কেন্দ্রীয় চেয়ারম্যান শায়খুল হাদিস আলহাজ¦ কাজী মঈন উদ্দিন আশরাফী, কেন্দ্রীয় আহলে সুন্নাত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক আলহাজ¦ এম এ মতিন, জেলা গাউছিয়া কমিটির আহবায়ক ও রাঙামাটি সিনিয়র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ মুছা মাতব্বর, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, সাবেক জেলা পরিষদ সদস্য ও রিজার্ভ বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য মনিরুজ্জামান মহসিন রানা, অধ্যক্ষ আল্লামা নজরুল ইসলাম নঈমীর ভাগিনা মোঃ নাছের।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মোঃ কামাল উদ্দিন, প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন, আহলে সুন্নাতের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এম এ হাকিমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
জানাজায় ইমামতি করেন অধ্যক্ষ নঈমীর জামাতা মাওলানা ফরিদ উদ্দিন। জানাজায় হাজার হাজার মানুষের ঢল নামে। জানাজা শেষে হযরত আবদুল হাকিম প্রকাশ আব্দুল্লাহ ফকির(রহঃ)-এর মাজার সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
অধ্যক্ষ আল্লামা নজরুল ইসলাম নঈমীর ইন্তেকালে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
