‘শোন, যুক্তিই আমার সৌন্দর্য্য’ এ শ্লোগানকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম ডিবেট ফেডারেশনের আয়োজনে প্রথমবারের মত রাঙামাটিতে অনুষ্ঠিত হলো আন্তঃ কলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০১৭। রাঙামাটি সরকারি মহিলা কলেজ মিলনায়তনে মঙ্গলবার সকালে যুক্তি তর্কের জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয় এ বিতর্ক প্রতিযোগিতা।
বিতর্ক প্রতিযোগিতায় ১ম বিতর্কে অংশগ্রহণ করে রাঙামাটি সরকারি কলেজ (‘এ’ টিম) বনাম রাঙামাটি সরকারি কলেজ (‘বি’ টিম)। তাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে ‘আমরা পার্বত্য চট্টগ্রামবাসীই পাহাড় ধসের জন্য দায়ী’। এতে যুক্তি তর্কের মধ্যে দিয়ে বিজয়ী হয়ে ফাইনাল বিতর্কে অংশগ্রহণ করার সুযোগ পায় রাঙামাটি সরকারি কলেজ (‘এ’ টিম)।
২য় বিতর্কে অংশগ্রহণ করে রাঙামাটি পাবলিক কলেজ বনাম রাঙামাটি মহিলা কলেজ। তাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয় ‘অবৈধ স্থাপনাই কাপ্তাই হ্রদের নাব্যতা হ্রাস ও দূষণের জন্য দায়ী’। এতে বিজয়ী হয় রাঙামাটি পাবলিক কলেজ।
প্রথম এবং দ্বিতীয় বিতর্কে বিজয়ী দুইটি দল রাঙামাটি সরকারি কলেজ (‘এ’ টিম) এবং রাঙামাটি পাবলিক কলেজ অংশগ্রহণ করে ফাইনাল বিতর্কে। ফাইনালে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয় ‘রোহিঙ্গা সংকট বৈশি^ক রাজনীতির এক গভীর ষড়যন্ত্র’।
ফাইনাল বিতর্কে যুক্তি আর তর্কের মধ্য দিয়ে দুইটি দল উপস্থাপন করার চেষ্টা করে নিজেদের অবস্থানকে। জমজমাট তর্ক-বিতর্কে ভরে উঠে বিতর্ক প্রতিযোগিতা। পরে ফাইনালে রাঙামাটি পাবলিক কলেজকে হারিয়ে বিজয়ী হয় রাঙামাটি সরকারি কলেজ (‘এ’ টিম)।
পরে আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম ডিবেট ফেডারেশনের সমন্বয়ক হেফাজতুল বারি সবুজ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাঙামাটি মহিলা কলেজের অধ্যক্ষ মো: এনামুল হক খন্দকার, রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবির, পার্বত্য চট্টগ্রাম ডিবেট ফেডারেশনের উপদেষ্টা ফিরোজ আল মাহমুদ সোহেল এবং লিটন দেব। অনুষ্ঠানের সঞ্চালনা করেন পার্বত্য চট্টগ্রাম ডিবেট ফেডারেশনের মুখ্য সংগঠক তানিয়া এ্যানি।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডিবেট হচ্ছে একজন মানুষের মেধাকে কাজে লাগিয়ে নিজের যুক্তি তুলে ধরে অন্যের সাথে তর্ক করা। এখানে পেশি শক্তি আর রাজনৈতিক শক্তির কোন স্থান নেই। তারা আরো বলেন, ডিবেট শিক্ষার্থীদেরকে নিজের দেশসহ বহির্বিশে^র সম্পর্কে নানান তথ্য জানার সুযোগ করে দেয়। ডিবেট একজন শিক্ষার্থীর চরিত্র গঠনে ভূমিকা রাখে বলেও মন্তব্য করেন তারা। পার্বত্য চট্টগ্রাম ডিবেট ফেডারেশনের নতুনভাবে পথযাত্রার শুভ কামনা করে তারা আরো বলেন, আগামীতে তারা পার্বত্য অঞ্চলের প্রতিটি জেলা-উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়তা করবে।
আলোচনা সভার শেষে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা প্রতিটি দলকে শুভেচ্ছা স্মারক এবং বিজয়ী ও বিজীত দলকে অভিনন্দন স্মারক প্রদান করা হয়। বিতর্ক প্রতিযোগিতায় তিনটি বিতর্কে তিন শ্রেষ্ঠ বক্তাকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
