খাগড়াছড়ি প্রতিনিধি ॥
নারী ও শিশু উন্নয়নে সচেতনামুলক যোগাযোগ কার্যক্রমের আওতায় খাগড়াছড়ির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে জেলা তথ্য অফিস এ কর্মশালাটি আয়োজন করে।
আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি পিয়াস চন্দ্র দাস, খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার বাম্পী চক্রবর্তী।
করোনা ভাইরাস সংক্রম রোধ, টিকা গ্রহণ, শিশুর যথাযথ বিকাশসহ স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন ডা: অনুচিং মারমা। অনুষ্ঠানে বক্তাগণ বলেন, নারী ও শিশুদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। নারী ও শিশুর উন্নয়ন ও এসডিজির লক্ষ্য অর্জনে বর্তমানে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। এ ক্ষেত্রে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের ভূমিকা রাখতে হবে। নারীর ক্ষমতায়নের জন্য শিক্ষার কোন কোন বিকল্প নেই। নারীরা শিক্ষিত হলে এবং আত্মনির্ভরশীল হলে যৌতুক, বাল্যবিবাহ এবং নির্যাতনের শিকার হবে না।
এছাড়া অনুষ্ঠানে শিশু নারী ও শিশুর অধিকার, জন্মনিবন্ধন, নারীর ক্ষমতায়ন, নারীর প্রতি সহিংসতা, জেন্ডার সমতা, ইভটিজিং, মাদকসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালায় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, হেডম্যান-কার্বারি, ইউপি চেয়ারম্যান, মেম্বার, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীসহ ৪৫ জন অংশগ্রহণ করেন।
