রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ২০১৭-১৮ অর্থবছরে ৬৭ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পরিষদের কনফারেন্স কক্ষে চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বাজেট ঘোষণা করেন। এবারও বাজেটে যোগাযোগ খাত ও শিক্ষা এবং তথ্য ও প্রযুক্তি খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছেন। এবার বাজেটে এই দুইটি খাতে রেখেছেন প্রায় ২০ কোটি টাকা। যা মোট বাজেটের ৩৪ শতাংশ। সে হিসেবে একক হিসেবে ১৭ শতাংশ বাজেট রাখা হয়েছে। গত বছরে শিক্ষা খাতে ৮ কোটি ৬৯ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছিলো। যা মোট বাজেটের ১৭ শতাংশ। এবারও ১৭ শতাংশ ধরে রাখা হয়েছে। তবে গত অর্থ-বছরে এই খাতে সর্বোচ্চ বাজেট ৮ কোটি ৬৯ লাখ টাকা বরাদ্দ রাখলে খরচ করা হয়েছে প্রায় ৬ কোটি টাকা।
জেলা পরিষদ চেয়ারম্যান শিক্ষা খাতে যেসব কাজ করেছেন তা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে জেলা পরিষদের হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আওতায় সরকারি ৭০৮টি ও বেসরকারি ৮৭টি সর্বমোট ৭৯৫টি প্রাথমিক বিদ্যালয়ে ৮৮,১৪৮ জন শিক্ষার্থী পড়ালেখা করছে। বর্তমান সরকারের আমলে ২৮৭টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়েছে। বেসরকারি ৭৯টি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্রছাত্রীদের মাতৃভাষায় লেখাপড়ার জন্য মাতৃভাষায় পাঠ্যবই সরবরাহ করেছে। ইতোমধ্যে মাতৃভাষায় শিক্ষা প্রদানের জন্য ৩৬২জনকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তিনি বলেন, যে সমস্ত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এখনো জাতীয়করণ হয়নি সে সকল বিদ্যালয়ের শিক্ষকদের পরিষদের নিজস্ব তহবিল হতে মাসিক ১,৫০০ টাকা হারে ভাতা দেওয়া অব্যাহত রয়েছে। জেলায় ৪টি আবাসিক প্রাথমিক বিদ্যালয় চলমান রয়েছে।
তিনি বলেন, মেধা উপবৃত্তি, ৪র্থ শ্রেণীর বৃত্তি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মানি, স্কুল অবকাঠামো নির্মাণ, স্কুলসমূহে আসবারপত্র সরবরাহ, বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহ, কম্পিউটার প্রশিক্ষণ ও সরবরাহ ইত্যাদি কাজ করে যাচ্ছে। বাজেট বক্তৃতায় চেয়ারম্যান বলেন, সবসময় আমরা শিক্ষাখাতকে গুরুত্ব সহকারে নিয়েছি।

১ Comment
হা…হা…হা…