মাটিরাঙ্গা প্রতিনিধি
মানবিক কর্মকান্ডের পাশাপাশি গরীব ও মেধাবি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বীর মুক্তিযোদ্ধা পরিমল ফাউন্ডেশন। খাগড়াছড়ি মাটিরাঙ্গার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ শিক্ষার্থী পেল বীর মুক্তিযোদ্ধা মাস্টার পরিমল ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাচিত ৬০ জন গরীব ও মেধাবি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি হিসেবে এক বছরের শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।
বীর মুক্তিযোদ্ধা মাস্টার পরিমল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট ডা. পরাগ দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা। মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মিল্টন ত্রিপুরা, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাসেম ও শিক্ষার্থী নদীয়া বড়ুয়া ইস্পা বক্তব্য রাখেন।
এমন আয়োজনের প্রশংসা করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, ডা. পরাগ দে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের পথ দেখিয়ে যাচ্ছেন। তাঁর এ উদ্যোগ আমাদের অনুপ্রাণিত করবে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরণ জয় ত্রিপুরা বলেন, একজন চিকিৎসক হিসেবে ডা. পরাগ দে দীর্ঘদিন ধরে মাটিরাঙ্গার মানুষের পাশে থেকেছেন। তাঁর এ উদ্যোগের ফলে এ জনপদ শিক্ষার আলোয় আলোকিত হবে।
বীর মুক্তিযোদ্ধা মাস্টার পরিমল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট ডা. পরাগ দে অর্থাভাবে যাদের লেখাপড়া বন্ধ হবে সেসব অদম্য মেধাবিদের লেখাপড়ার দায়িত্ব নেয়ারও ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্যাহ, মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, আলুটিলা বটতলী হাই স্কুলের প্রধান শিক্ষক মো. এরশাদ আলী উপস্থিত ছিলেন।
