মো. মহিউদ্দিন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অবৈধ দুই ইটভাটা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এসময় ৪০ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়। শনিবার সকালে এই অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বৈধ কাগজপত্র না থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে এমএমসি পক্ষে মো. সোহাগকে ২০ হাজার টাকা ও কেবিএম এর পক্ষে মো. নাহিদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একই সময়ে দুইটি ইট ভাটা বন্ধ ঘোষণা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয়েছে সমস্ত অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়ার জন্য, এরই ধারাবাহিকতায় এসব ইটভাটা সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়ায় জেলা প্রশাসকের অনুমতি ব্যতিত কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভাটায় কাঁচামাল হিসেবে কৃষি জমির উপরিভাগের (টপসয়েল) মাটি ব্যবহার ও জ্বালানি হিসেবে বনের কাঠ ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, লঙ্ঘন করায় প্রতিটি ইটভাটার মালিককে জরিমানা করা হয়েছে এবং বৈধ লাইসেন্স না পাওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।
