সাইফুল বিন হাসান
রাঙামাটি শহরের প্রবেশপথের ভেদভেদী শিমুলতলী এলাকায় আগুন লাগার সংবাদ পাওয়া গেছে। রবিবার রাত ১০টার দিকে এ আগুনের সূত্রপাত হয় এবং এতে পুড়ে ছাই হয়ে যায় অন্তত ১০ টি দোকান।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি চায়ের দোকান থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। তবে কেউ আহত হননি।
স্থানীয় শ্রমিকলীগ নেতা সমির দত্তের মালিকানাধীন ১০ টি দোকান পুড়ে গেছে।
আরও জানা যায়, মোট ১০টি দোকান যার মধ্যে তিনটি দোকান ভাড়ায় চলমান ও অন্য ৭টি দোকান খালি ছিলো।
স্থানীয় বাসিন্দা সেলিম শেখ জানান, রাত ১০টার দিকে হঠাৎ বাসা থেকে দেখতে পাই পাসপোর্ট অফিসের সামনের দোকানে আগুন লেগেছে, পরে এসে দেখি সব দোকান পুড়ে গেছে।
অন্য এক বাসিন্দা আবু বক্কর সিদ্দিক মিঠু জানান, আগুন কোথা থেকে লেগেছে জানি না, তবে হঠাৎ করে আগুন দেখতে পাই এবং খুব তীব্র ভাবে আগুন লাগে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র উপ-পরিচালক মোস্তফা মোহসিন জানিয়েছেন, আমরা রাত ১০টার দিকে সংবাদ পেয়ে ছুটে আসি। প্রায় এক ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। কোন আহতের সংবাদ নেই তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আপাতত বলা যাচ্ছে না। আগুন সূত্রপাত সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছে না তদন্ত শেষে বলা যাবে।
