১০ মার্চ,বুধবার চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের কাছে রাঙামাটির নির্বাচিত ও পুননির্বাচিত মেয়র এবং কাউন্সিলররা শপথ নিয়ে ফিরেছেন নিজেদের দায়িত্ব পালনের শহরে। শহরে ঢুকেই টানা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরী নিজের অনুসারি দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা আর মোটর সাইকেল বহরের শোভাযাত্রার সংবর্ধিত হয়ে প্রদক্ষিণ করেছেন পুরো শহর। এসময় গাড়ির খোলা হুডে দাঁড়িয়ে পৌরবাসির উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান মেয়র। মেয়রের সাথে থাকা কাউন্সিলর ও দলীয় নেতাকর্মীরাও গাড়ী দরজা খোলা রেখে হাত নেড়ে এবং সালাম বা আদাব জানিয়ে শহরবাসিকে শুভেচ্ছা জানান।

প্রথমেই শহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদনের পর রিজার্ভবাজারে শহীদ মিনারেও শ্রদ্ধাজ্ঞাপন করেছেন পৌর মেয়র ও পরিষদ সদস্যরা। মেয়র এইসময় সংক্ষিপ্ত বক্তব্যে-তাকে পুনরায় নির্বাচিত করায় রাঙামাটি পৌরবাসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে,পৌরসভার উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং আধুনিক শহর বিনির্মাণে সবার সহযোগিতা কামনা করেন।

এদিনের কর্মসূচীতে মেয়রের সাথে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শাওয়াল উদ্দিন,সাধারন সম্পাদক মোঃ শাহ জাহান,জেলা যুবলীগের সহসভাপতি শহীদুল আলম স্বপন, আসবাবপত্র ব্যবসায়ি সমিতির সভাপতি মোঃ মিজান,করাতকল শ্রমিক কল্যাণ সমিতির সেক্রেটারি রবিন বিশ্বাসসহ পৌর পরিষদের আওয়ামীলীগের রাজনীতিতে জড়িত কাউন্সিলররা ছাড়াও যুবলীগ,ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মোটর সাইকেল বহরে ও শ্রদ্ধা নিবেদনকালে মেয়রের পাশে দেখা গেছে,সাম্প্রতিক সময়ে ‘বিতর্কিত ও সমালোচিত’ একাধিক ছাত্রলীগ-যুবলীগ নেতাকেও। ছিলেন দলের ‘নিবেদিতপ্রাণ’ ও ‘পরীক্ষিত নেতাকর্মীরা’ও। উচ্ছসিত নেতাকর্মীরা এসময় মোটর সাইকেল ও গাড়িতে হর্ণ বাজিয়ে এবং শ্লোগান দিয়ে উচ্ছাস প্রকাশ করেন।

প্রসঙ্গত, সম্প্রতি শেষ হওয়া রাঙামাটি পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে দ্বিতীয়বারের মতো মেয়র হিসেবে নির্বাচিত হন জেলা যুবলীগ সভাপতি আকবর হোসেন চৌধুরী। তিনি তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপির ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মামুনুর রশীদের চেয়ে তিনগুণেরও বেশি ভোট পেয়ে বিজয়ী হন। রাঙামাটি পৌরসভা নির্বাচনের মাধ্যমে পার্বত্য এই জনপদে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হয় প্রথমবারের মতো। তবে ‘অজ্ঞাত’ কারণে এই নির্বাচনে অংশ নেয়নি পাহাড়ের আঞ্চলিক দলগুলোর সমর্থিত কোন প্রার্থী।


