লংগদু প্রতিনিধি
লংগদু পাবলিক লাইব্রেরিকে সমৃদ্ধ করতে বই উপহার দিয়েছেন লংগদু সরকারি মডেল কলেজের অধ্যক্ষ মুহাম্মদ শহিদুল্লাহ। বৃহস্পতিবার সকালে একটি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীনের হাতে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ’ নামক ১০ খন্ডের এ বই তুলে দেন অধ্যক্ষ মু. শহীদুল্লাহ।
বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদের সম্পাদনায় বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত ১০ খন্ডের বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ। বাংলাদেশ সরকার ও এশিয়াটিক সোসাইটির যৌথ অর্থায়নে বিগত প্রায় ৬ বছর ধরে সমগ্র দেশব্যাপী মাঠ পর্যাযের জরিপ ও অন্যান্য প্রাথমিক উৎস থেকে তথ্য সংগ্রহ করে মহান মুক্তিযুদ্ধের পরিপ্রেক্ষিত এবং শুরু থেকে বিজয় অর্জন পর্যন্ত জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সামগ্রিক ঘটনাবলীর ছবি, মানচিত্রের ব্যবহারসহ প্রায় চার হাজার ভুক্তি আকারে এ জ্ঞানকোষে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ বিষযে মু. শহিদুল্লাহ বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর অতিক্রম করতে চলেছে বাংলাদেশ। মহান মুক্তি সংগ্রামের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার সুযোগ করে দিতে বইয়ের বিকল্প নেই। মহান মুক্তি সংগ্রামের প্রকৃত ইতিহাস জানার মাধ্যমে নতুন প্রজন্ম দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে তৈরী করতে সকলের আন্তরিক সহযোগীতা প্রয়োজন।’
উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন বলেন, ‘বই পড়ার বিকল্প নাই, জ্ঞানকে সমৃদ্ধ করতে বই একটি অন্যতম মাধ্যম। জ্ঞান হচ্ছে আগুনের মতো, একে একবার জ্বালিয়ে দিলে সারা জীবন আলো ছড়িয়ে যাবে। আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মকে জানার সুযোগ করে দিতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস নির্ভর এই জ্ঞানকোষ লংগদু পাবলিক লাইব্রেরিকে আরো সমৃদ্ধ করবে। কিছুদিনের মধ্যে লংগদু পাবলিক লাইব্রেরিকে নতুন আঙ্গিকে সাঁজিয়ে পাঠকের জন্য উন্মুক্ত করা হবে।
