লংগদু প্রতিনিধি
রবি মৌসুমে ২০২২-২৩ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় রাঙামাটির লংগদুতে ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেল কৃষি উপকরণ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় প্রতিজন কৃষককে ৫ কেজি (উফসী) ধানবীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়। এছাড়াও শুধুমাত্র বীজ সহায়তা হিসেবে আরো ৩০০ জন প্রান্তিক কৃষককে দুই কেজি করে ধানবীজ (হাইব্রিড) দেয়া হয়।
বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে এ প্রণোদনা কৃষি উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান। এ সময় তিনি বলেন, দরিদ্র ও প্রান্তিক কৃষকের জন্য সরকারি সহায়তা চলমান আছে। প্রধানমন্ত্রীর ঘোষনানুযায়ী এক ইঞ্চি পরিমান জমিও খালি রাখা যাবে না। আমাদের উপজেলার বেশিরভাগ ধান চাষ হয় জলেভাসা জমিতে। এসব জমিতে ফলনও ভালো হয়। আপনারা অবশ্যই সরকারি সহায়তাকে কাজে লাগিয়ে অধিক ফসল উৎপাদনে এগিয়ে আসবেন।’
উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আছমা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, লংগদু থানার ওসি ইকবাল উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম প্রমূখ।
