খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি বাজার ফান্ডের প্রকৃত মালিকদের প্লট জালিয়াতি করে বহিরাগতদের নিকট হস্তান্তর ও অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।
বুধবার(০৭ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে জেলার মাটিরাঙ্গার মোল্লাবাজার এলাকার প্লট বঞ্চিত ব্যবসায়ীরা অংশ নেন। এতে বক্তব্য রাখেন স্থানীয় মন মোহিনী রানী ও আব্দুল রাজ্জাক প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, মাটিরাঙ্গার মোল্লা বাজার চৌধুরী হাসান আলী এবং বাজার ফান্ডের প্রধান সহকারী মোমিন মিয়া বাজারের প্লট প্রকৃত প্লট মালিকদের বুঝিয়ে না দিয়ে বহিরাগতদের কাছে হস্তান্তর করছে। বাজার ফান্ডে ১২৭ টি প্লট অনুমোদিত থাকলেও প্লটের সাইজ কমিয়ে ১৫০ টির বেশি প্লট করে আত্মসাৎ করেছে। দীর্ঘ বছর ধরে চেষ্টা করেও প্রকৃত মালিকরা নিজ নামীয় প্লট বুঝে পাচ্ছেন না।
মানববন্ধন থেকে স্থানীয় ব্যবসায়ীদের নিজ নামীয় প্লটের দখল ও রেকর্ড বুঝে দেওয়ার দাবী জানানো হয়। মানববন্ধন শেষে একই দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবার স্মারকরীপি প্রদান করা হয়।
