রাঙামাটির লংগদুতে ১ আনসার ব্যাটালিয়নের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ভাইট্টাপাড়ায় ব্যাটালিয়ন কার্যালয়ে এ উপলক্ষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা উড়িয়ে এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম রেঞ্জ এর উপ-মহাপরিচালক সামশুল আলম।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি সামশুল আলম বলেন, এ ব্যাটালিয়নটি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত পাঁচ বার পার্বত্য চট্টগ্রামে অপারেশন দাবানল এবং অপারেশন উত্তোরণে অংশ নিয়ে সফলতার স্বাক্ষর রেখেছেন। বর্তমানে ব্যাটালিয়ন আনসারের অনেক উন্নতি হয়েছে এবং আমরা এগিয়ে যাচ্ছি । পাশাপাশি দেশ এগিয়ে যাচ্ছে । ক্রমবর্ধমান এ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার সাথে দেশের প্রতি দায়িত্ব পালনে আরো বেশি নিষ্ঠার সাথে কাজ করার আহবান করেন তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লংগদু জোন কমান্ডার লেঃ কর্ণেল এমএম শফিকুর রহমান। ১ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায় এবং খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার আনসার কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি এবং বেসামরিক বিভিন্ন দফতরের কর্মকর্তাগন।
