আরমান খান, লংগদু ॥
পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি উপলক্ষে শতাধিক দরিদ্র পরিবারকে বিজু উপহার প্রদান করেছে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার গোলাম মহিউদ্দিন আহামেদ। মঙ্গলবার সকালে সেনাবাহিনীর লংগদু জোনে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়াও পবিত্র রমজান উপলক্ষে ৫০টি পরিবারকে ইফতার সামগ্রী, ১৫ জন দরিদ্র অসহায়কে চিকিৎসা সহায়তা ও দরিদ্রতা দূরীকরণে আর্থিক অনুদান প্রদান, পাশাপাশি দূর্গম পাহাড়ী এলাকায় খাবার পানির জন্য ২টি গভীর নলকূপ, ১৩জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক অনুদানসহ সেলাই মেশিন, ঢেউটিন ও ছাগল প্রদান করেন রিজিয়ন কমান্ডার।
এ সময় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহামেদ বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসরত সকল সম্প্রদায়ের শিক্ষা স্বাস্থ্য ও দারিদ্রতা দূরীকরণে সরকারের পাশাপাশি সেনাবাহিনীও নিরলসভাবে কাজ করছে। ভবিষ্যতেও এধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে। পাশাপাশি সকল সম্প্রদায়ের মাঝে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাসহ এলাকার উন্নয়নে সকলের সহযোগীতা প্রয়োজন। সবাই মিলে পার্বত্য অঞ্চলকে একটি শান্তির আবাসভূমি গড়ে তুলতে হবে।
এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেন রিজিয়ন কমান্ডার। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সেলিম, আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় মিত্র চাকমা, মাইনীমূখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন কমল, লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু দারদা খান আরমান, মহিলা ইউপি সদস্য স্মরণিকা চাকমা।
এ সময় লংগদু জোনের অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া, উপ অধিনায়ক মেজর রিফাত, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, লংগদু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিক্রম চাকমা বলি, মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদা বেগম লাকি, কালাপাকুজ্যা ইউপি চেয়ারম্যান বারেক দেওয়ানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
