লংগদু প্রতিনিধি
‘সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’ প্রতিপাদ্য বিষয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতা সম্মাননা পেল লংগদুর পাঁচ নারী। শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে জয়িতা নারীদের সম্মাননা প্রদান করা হয়। জয়িতা সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের আয়োজনে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কর্মসূচীর মাধ্যমে উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাঁচ জন নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত নারীরা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মাহিনুর বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী রফিকুন্নেচ্ছা রুজি, সফল জননী নারী চন্দ্রা চাকমা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছে যে নারী আনোয়ারা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী বাচ্চু মনি চাকমা। সম্মাননা প্রাপ্ত পাঁচ নারীর হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও উপহার তুলে দেন অতিথিবৃন্দ।
এর আগে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর – ১০ ডিসেম্বর) উপলক্ষে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তব্য রাখেন ইউএনও আকিব ওসমান, ওসি ইকবাল উদ্দিন, শিক্ষক ফোরকান আহাম্মেদ প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান, সাংবাদিক এখলাস মিঞা খান, শিক্ষক হাজী ফোরকান আহাম্মেদ প্রমূখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
