লংগদু প্রতিনিধি ॥
গাঁজাসহ দীঘিনালা হতে লংগদুতে আসার পথে দুই যুবককে আটক করেছে পুলিশ। উপজেলার ডানে আটারকছড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটক জুয়েল হোসেন (৩০) ও মনির হোসেন (২৩)। তারা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের রশিদপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লংগদু থানা পুলিশের একটি টিম শুক্রবার বিকালে লংগদু-দীঘিনালা সড়কের ডানে আটারকছড়া এলাকায় যাত্রীবাহী একটি মোটরসাইকেলে তল্লাশি চালায়। এ সময় এক কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশ কর্মকর্তা এসআই শাহাবুর আলম জানান, আটক দুই যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা নিয়মিত এইপথে গাঁজা সরবরাহ করেন। আজো একজন পাইকারি ক্রেতার কাছে এক কেজি গাঁজা বিক্রির জন্য লংগদুতে আসছিলেন।
এ বিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, লংগদু থানা পুলিশের একটি টিমের অভিযানে এক কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে। তারা দুজনই পাশের উপজেলা দীঘিনালার বাসিন্দা। আটক দুজনের বিরুদ্ধে মাদক মামলা করা হয়েছে।
