নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটির দুর্গম জুরাছড়িতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভার আয়োজন করে জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগ।
এসময় উপস্থিত ছিলেন- জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনন্যা চাকমা, উপজেলার স্বাস্থ্য বিভাগের মেডিকেল কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন, স্বাস্থ্য পরিদর্শক সুনীল কান্তি চাকমাসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা। অনুষ্ঠান পরিচালনা করেন স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক প্রচারক চাকমা।
অবহিত করণ সভায় বক্তারা বলেন, অপুষ্টিজনিত অন্ধত্ব দূর করতে এবং শিশুমৃত্যু প্রতিরোধে শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সভায় বক্তারা আরো বলেন, ভিটামিন ‘এ’ শিশুর সুস্থভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি, দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ এক অনুপুষ্টি।
আগামী ১৫ থেকে ১৯ জুন পর্যন্ত উপজেলার ৪টি ইউনিয়নে মোট ৯৮টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৬মাস হতে ১১ মাস ২৯ দিনের ৩৯৭ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল ও ১২ মাস হতে ৫৯ মাস ২৯ দিনের ২৪৪২ জন বয়সের শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানানো হয়।
