জিয়াউল জিয়া ॥
অবশেষে শেষ হচ্ছে কাক্সিক্ষত সেই অপেক্ষার পালা। আজ(রোববার) থেকে শুরু হচ্ছে রাঙামাটিতে করোনার প্রতিষেধক টিকা। আর এই টিকা শনিবার সন্ধ্যা পর্যন্ত পাঁচ হাজার মানুষ নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন রাঙামাটি সিভিল সার্জন। রাঙামাটির জন্য ১২শ’ ভায়ালে ১২ হাজার টিকা পেয়েছে।
রাঙামাটির সিভিল সার্জন বিপাশ খীসা জানান, আমাদের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় প্রশিক্ষণও প্রদান করা হয়েছে। প্রতিটি উপজেলায় ভ্যাকসিন গত বৃহস্পতিবার পাঠানো হয়েছে। রবিবার ভিডিও কনফান্সের পরে জেনারেল হাসপাতালে টিকা কার্যক্রম শুরু হবে। সরকার যে ১৫ ক্যাটাগরির নাম চাওয়া হয়েছে এবং এর মধ্যে যারা নিবন্ধন করেছেন তারাই এই কার্যক্রমের আওতায় আসবে।
তিনি আরও জানান, সাধারণ মানুষের মধ্যে বিশ^াস স্থাপনের জন্য আমি প্রথম এই ভ্যাকসিন নিতে পারি। যাতে কারো মধ্যে ভ্যাকসিন নিয়ে কোন ধরনের সন্দেহ তৈরি না হয়। প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারাও এই ভ্যাকসিন নিবেন কাল। তিনি আরও জানান, জেনারেল হাসপাতালে রবিবার ২০/৩০ জনের মতো ভ্যাকসিন দেয়ার চিন্তা রয়েছে। প্রতিদিন সাড়ে আটটা থেকে দুপুর ৩টা পর্যন্ত কেন্দ্রগুলোতে টিকা কার্যক্রম চলবে। শুক্রবার ও সরকারি ছুটি দিন বাদে। উপজেলাগুলোতে একই সাথে ভ্যাকসিন কার্যক্রম চলবে।
