নিজস্ব প্রতিবেদক ॥
এক লাখ টাকা রাস্তায় পেয়ে নিজেই যোগাযোগ করে মালিকের কাছে পৌঁছে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সাইফুল নামে এক যুবক। রাঙামাটির ঠিকাদার ব্যবসায়ী ব্যবসায়িক কাজে মঙ্গলবার কাউখালী থেকে রাঙামাটি যাওয়ার পথে এক লাখ টাকার একটি বান্ডেল হারিয়ে ফেলেন। আর রানীরহাটের এক যুবক সেই টাকা রাস্তায় পেয়ে নিজেই যোগাযোগ করে মালিকের কাছে পৌঁছে দিলেন।
ব্যবসায়ী কামাল উদ্দিন বলেন, কাউখালী হতে রাঙামাটি যাওয়ার পথে এক হাজার টাকার এক লাখ টাকার একটি বান্ডেল হারিয়ে ফেলি। কোথায় টাকাগুলো পড়ে যায়, তা আমি নিজেও বুঝতে পারিনি। পরে টাকা হারানোর বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিই। রাতে রানীরহাটের রাজঘাটার এলাকার ব্যবসায়ী সাইফুল নামে এক ব্যক্তি আমাকে ফোন দিয়ে টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। পরদিন বুধবার রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন চৌধুরীর মাধ্যমে টাকাগুলো আমাকে ফেরত দেন। এসময় আবেগে আমি জড়িয়ে ধরি। সমাজে এমন মানুষ আছে সেটা আমি নিজের চোখে না দেখলে বিশ^াস করতে পারতাম না। আমি সৌভাগ্যবান এমন একজন মানুষের দেখা পেয়ে। কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার নেই।
সাইফুল জানান, সেদিন ঘাগড়া হতে রানীরহাটে যাওয়ার পথে মঘাছড়ি এলাকায় প্রধান সড়কে টাকাগুলো রাস্তায় দেখতে পান। এসময় প্রকৃত মালিককে খুঁজে পাওয়ার জন্য ঐ রাস্তায় কয়েকবার আসা যাওয়া করলাম। কিন্তু উৎসুক কাউকে না পেয়ে রানীরহাটে গিয়ে অনেককেই বিষয়টি জানিয়ে রাখি। প্রকৃত মালিককে খুঁজে পেলে যোগাযোগের বিষয়টিও বলি। পরে রাতে টাকা বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলে আমার নজর আসলে আমি প্রকৃত মালিককে ফোন দিয়ে যোগাযোগের কথা বলি। তিনি বলেন, এ ধরনের কাজ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। একজনের পরিশ্রমের টাকা তাকে ফিরিয়ে দেয়ার মধ্যেও অনেক আনন্দ আছে।
রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী বলেন, সমাজে এই ধরনের মানুষের দেখা খুব সহজেই পড়ে না। সাইফুল যে কাজটি করেছে তা অনেক বড় মানবতার কাজ। এই ধরনের মানুষের মাধ্যমে সমাজ এগিয়ে যায়। আমরা ভাগ্যবান এই ধরনের ছেলে আমাদের উপজেলায় রয়েছে। তার জন্য দোয়া রইল।
