নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে নির্মিত এই ম্যুরাল বুধবার সকালে বিশ^বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকার তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ইফতেকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুন মিয়া, রাঙামাটি চেম্বার অব কমার্সের সভাপতি বেলায়েত হোসেন ভূইয়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রর অঞ্জন কুমার চাকমা, প্রক্টর জুয়েল সিকদার, অন্যান্য বিভাগীয় প্রধানগণ, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধন শেষে দীপংকর তালুকদার বলেন, একাত্তরে ধর্মের নামে দেশের মানুষকে হত্যার ইন্ধন দিয়েছিল মৌলবাদী শক্তি। স্বাধীনতার পরও সেই মৌলবাদী শক্তি বিভিন্ন সময়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বর্তমানেও মৌলবাদী শক্তি দেশে অস্থিরতা চালিয়ে যাচ্ছে। যখন জিয়াউর রহমানের ভাস্কর্য নির্মাণ করা হয়, তখন তারা চুপ থাকলেও বর্তমানে স্বাধীনতাবিরোধীদের শক্তি যোগাতে ও স্বাধীনতায় আঘাত হানার জন্য তারা এ ধরনের পাঁয়তারা করছে।
