নিজস্ব প্রতিবেদক ॥
আওয়ামীলীগ বুলেট-বোমাকে ভয় পায় না মন্তব্য করে জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, ২০০৪ সালে যখন বিএনপির ত্রাহি-ত্রাহি অবস্থা, যখন বিএনপিকে জনগণ প্রত্যাখান করছিল, মিছিল-মিটিংয়ে জনগণ আওয়ামীলীগকে সমর্থন করছিল, তখন ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করে। রাষ্ট্রীয় সব যন্ত্রকে ব্যবহার করে সেদিন গ্রেনেড হামলা চালানো হয়। এটা পৃথিবীর নিকৃষ্টতম হামলা। বিরোধী মতকে দমন করার জন্য তৎকালীন সরকারের এমন পদক্ষেপ জাতিসহ পৃথিবীর সকল সচেতন মানুষকে হতবাক করে দেয় বলে মন্তব্য করেন দীপংকর তালুকদার। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা ও নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে দীপংকর তালুকদার এ কথা বলেন। ২১ আগস্ট স্মরণে রাঙামটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে রবিবার সকালে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে বনরূপাতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশের আগে রাঙামাটি পৌর প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনরূপায় প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে দীপংকর তালুকদার আরো বলেন, ২০০৪ সালে এমন ন্যাক্কারজনক ঘটনার পর ২০০৫ সালে ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলা চালানো হয়। তারা আওয়ামীলীগের নেতাকর্মীদের ভয় দেখানোর জন্য এমন জঙ্গিবাদি কার্যক্রম শুরু করে। দীপংকর তালুকদার ২১ আগস্টের প্রতিক্রিয়ার কথা টেনে বলেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রীর ওপর গ্রেনেড হামলার প্রতিবাদে রাঙামাটিতে আওয়ামীলীগের উদ্যোগে স্মরণকালের সবচে বড় প্রতিবাদ সমাবেশ পালন করা হয়। সেদিন প্রতিবাদ সমাবেশে কারণে দেড় ঘণ্টা পুরো রাঙামাটি অচল হয়ে পড়ে।
সমাবেশে বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি চিংকিউ রোয়াজা ও নিখিল কুমার চাকমা, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে ২১ আগস্ট গ্রেনেড হামলায় প্রতিবাদে জেলার লংগদু, কাপ্তাইসহ উপজেলাগুলোতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করেছে দলীয় নেতাকর্মীরা।

