শ্যামল রুদ্র, রামগড়
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে অবৈধভাবে পাহাড় কেটে মাটি বহনের অপরাধে দু’পাহাড় খেকোকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। একই সাথে মাটি পরিবহনে ব্যবহৃত একটি পাওয়ারটিলার আটক করা হয়।
সোমবার দুপুরে রামগড় উপজেলার সদর ইউনিয়নের নজির টিলা এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. মাহামুদ উল্লাহ মারুফ।
দন্ডিত পাহাড়খেকো মো. নুর করিম (৪৫) উপজেলার ফেনীরকূল এলাকার মো. আবদুল খালেকের ছেলে এবং মো. আনোয়ার হোসেন (৪০) ফটিকছড়ি উপজেলার ভুজপুরস্থ পুরান রামগড় এলাকার খোরশেদ আলমের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সদর ইউনিয়নের নজির টিলা এলাকায় রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মু. মাহামুদ উল্লাহ মারুফ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় অবৈধভাবে পাহাড় কেটে মাটি বহনের অপরাধে মো. নুর করিম ও মো. আনোয়ার হোসেনকে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানা অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয়। একই সাথে মাটি পরিবহনে ব্যবহৃত একটি পাওয়ারটিলার আটক (জব্দ) করা হয়।
পরবর্তীতে একইদিন সন্ধ্যায় জরিমানার টাকা আদায় সাপেক্ষে আটকদের মুক্তি দেয়া হয়। তবে মাটি পরিবহনে ব্যবহৃত পাওয়ার টিলারটি রামগড় থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানা যায়।
