ডেস্ক রিপোর্ট ॥
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের দায়িত্বরত সদস্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা মারা গেছেন। বুধবার সকালে আনুমানিক সাড়ে ৮টার দিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। ড. প্রদানেন্দুর মৃত্যুতে রাঙামাটি ও খাগড়াছড়িতে শোকের ছায়া নেমেছে। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা ব্যধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি খাগড়াছড়ি জেলা শহরের খবংপড়িয়া এলাকার বাসিন্দা ছিলেন।
এদিকে প্রদানেন্দু বিকাশ চাকমার মৃত্যুতে শোক জানিয়েছেন খাদ্য বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা এমপি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবর্তক চাকমা, রাবিপ্রবি’র প্রো ভিসি ড. কাঞ্চন চাকমা, খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়াসীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়াসহ বিভিন্ন সংগঠন।
প্রদানেন্দু বিকাশ চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ছিলেন। পরবর্তীতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৮ ও ২০১৮-২১ দুই মেয়াদে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২১ সালে তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) খন্ডকালীন সদস্য হিসেবে মনোনীত হন।
স্থানীয় সমাজকর্মী ধীমান খীসা জানান, প্রয়াতের একমাত্র সন্তান অনিক চাকমা কানাডা প্রবাসী। আগামী শুক্রবার সকালে তার দেশে ফেরার কথা রয়েছে। ফিরলে বিকালে স্থানীয় পারিবারিক শ্মশানে দাহক্রিয়া সম্পন্ন করা হবে।
