নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির রাজস্থলী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সালাউদ্দিনকে উদ্ধারের দাবিতে বাঙ্গালহালিয়া সচেতন নাগরিক সমাজের উদ্যোগে রাজস্থলী উপজেলায় মঙ্গলবার ও বুধবার টানা ৪৮ ঘণ্টা হরতাল পালিত হয়েছে। এই দুইদিন উপজেলার বিভিন্ন স্তরের সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে হরতাল পালন করতে দেখা যায়। হরতাল উপলক্ষে দুইদিন উপজেলার তেমন কোনও দোকানপাট খোলা ছিল না। পাশাপাশি গাড়ি চলাচল বন্ধ থাকায় রাঙামাটি থেকে বান্দরবানে কোনও গাড়ি চলাচল করতে পারেনি। এতে দুর্ভোগে পড়ে রাঙামাটি থেকে বান্দরবানে যাওয়া আসা সাধারণ মানুষসহ পর্যটকরা।
পুলিশ জানায়, গত ৪ ডিসেম্বর নিখোঁজ হন সালাউদ্দিন। ছাত্রলীগের সাথে যুক্ত থাকলেও তিনি একজন ব্যবসায়ী। তাঁর এক্সকেভেটর (মাটি কাটার যন্ত্র) আছে। যেদিন তিনি নিখোঁজ হন সেদিন রাজস্থলী বান্দরবান সীমান্তবর্তী আমতলী পাড়ায় যান এবং রাত ১১টা পর্যন্ত মোবাইল খোলা ছিল। এরপর থেকে মোবাইল বন্ধ আছে তাঁর।
বাঙ্গালহালিয়া সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক এমদাদুল হক মিলন বলেন, সালাউদ্দিন গত ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছে। আমরা তাঁর অক্ষত উদ্ধারের দাবিতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবো।
এদিকে ঢাকা থেকে রাঙামাটিতে বেড়াতে আসা রেজাউল করিম বলেন, আমরা মঙ্গলবার রাঙামাটিতে বেড়াতে এসেছি। আমাদের পরিকল্পনা ছিল মঙ্গলবার সারাদিন ঘুরে বুধবার সকালে বান্দরবান যাবো। কিন্তু হরতালের কারণে নাকি ওই সড়কে গাড়ি চলাচল করছে না। তাই বাধ্য হয়ে বুধবারও রাঙামাটিতে ঘুরে রাতে গাড়িতে ঢাকায় ফিরছি।
রাজস্থলী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জাকির হোসাইন বলেন, সালাউদ্দিনকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। সম্ভাব্য সব বিষয়কে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি।
