রাজস্থলী প্রতিনিধি ॥
রাঙামাটি জেলার রাজস্থলীতে কভিড-১৯ টিকা নেয়ার পর পাশ^প্রতিক্রিয়া না থাকার কারণে বেড়েছে মানুষের আগ্রহ। এ কারণে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য বিভাগে সকাল থেকে চোখে পড়েছে টিকা প্রত্যাশীদের ভিড়। প্রথম দিকে ফ্রন্ট লাইনারদের অগ্রাধিকার দেওয়া হলেও তৃতীয় দিনে সাধারন জনগন সমান সুযোগ পাচ্ছেন। জাতীয় পরিচয়পত্র নিয়ে নিবন্ধন করে তাৎক্ষণিক টিকা নিতে পারছেন বেশির ভাগ মানুষ।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা জানান, প্রথম দিন রাজস্থলী উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা সহ নারী পুরুষ ২৯ জন কভিড-১৯ টিকা গ্রহণ করেন। প্রথম দিকে ফ্রন্ট লাইনারদের অগ্রাধীকার দেওয়া হলেও বর্তমানে সাধারন মানুষই সমান সুযোগ পাচ্ছেন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হবে।
রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল আহমদ খান বলেন, জাতীয় পরিচয় পত্র নিয়ে নিবন্ধন করে সরাসরি টিকা নিয়েছি। এখনো পর্যন্ত কোন সমস্যা হয়নি। টিকা গ্রহণ করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পুলিশের এ কর্মকর্তা।
উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা বলেন, যারা প্রথম দিন টিকা নিয়েছেন সবাই সুস্থ আছেন। আমিও সুস্থ রয়েছি, কোন পার্শ্বপ্রতিক্রিয়া না থাকার কারণে বেড়েছে সাধারণ জনগণের আস্থা। ৩য় ও ৪র্থ দিনে বেড়েছে টিকা গ্রহণকারীর সংখ্যাও।
