সাইফুল হাসান
রাঙামাটি সরকারি কলেজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) একটি নতুন প্লাটুন উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন প্লাটুন উদ্বোধন করেন বিএনসিসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্ণফুলী রেজিমেন্ট, চট্টগ্রাম রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক, রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া, কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট অ্যাডজুটেন্ট লে. কমান্ডার মো. গোলাম মোহাইমেন, ২/লে. মোহাম্মদ ইব্রাহিম খলিলসহ অন্যান্য কর্মকর্তাগণ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন রাঙামাটি সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের একদল চৌকস ক্যাডেটবৃন্দ। ‘গার্ড অব অনার’ গ্রহণ শেষে বিএনসিসি’র পতাকা উত্তোলনের মাধ্যমে বিএনসিসি প্লাটুনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান। পরবর্তীতে তিনি রাঙামাটি সরকারি কলেজের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনসিসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান বলেন, সম্প্রতির বন্ধন বজায় রেখে আমাদেরকে দেশের জন্য কাজ করে যেতে হবে। এদেশ আমাদের, এদেশের উন্নয়ন ও উন্নতির জন্য আমাদেরকে এক সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। বিএনসিসি’র ক্যাডেটরা দেশপ্রেম বুকে ধারণ করে দেশে ও জাতির জন্য কাজ করে যাচ্ছে।
