রাঙামাটিতে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম ইজাবুল হক রাব্বি (২৮), পিতা মোজাম্মেল হক। সে শহরের কাটাপাহাড় এলাকার বাসিন্দা ছিল বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে শহরের ফরেস্ট রোডের কবরস্থানের সামনে রাব্বির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় কয়েকজন স্থানীয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন বলেন, আমরা ধারণা করছি ভোর সোয়া পাঁচটার দিকে এই ঘটনা ঘটেছে। যতটুকু জানতে পেরেছি ছেলেটা একটু বাউন্ডুলে স্বভাবের ছিল। পরিবারের সাথে খুব একটা ভালো যোগাযোগ ছিলো না। হয়তো নেশাও করতো। মাদক সংশ্লিষ্ট কোন কারণে এই হত্যাকান্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করছি আমরা।
হত্যাকান্ডের ঘটনায় পরিবার থেকে মামলা করা হবে বলে জানা গেছে।
