সাইফুল হাসান
সভাপতির মৃত্যুর কারণে শূণ্য হওয়া পদ আর সাধারন সম্পাদক নিজেই সভাপতি হিসেবে নির্বাচন করার জন্য অব্যাহতি নেয়ায় রাঙামাটি জেলা বিএনপির উপ নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পদত্যাগী সাধারন সম্পাদক দীপন তালুকদার দীপু। দীপুর(৭৪ ভোট) কাছে মাত্র ১ ভোটে পরাজিত হয়েছেন সাবেক মেয়র ও সহসভাপতি সাইফুল ইসলাম ভূট্টো (৭৩ ভোট)। আর সাধারন সম্পাদক পদে সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনিরকে পরাজিত করে বিজয়ী হয়েছেন সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। মামুন পেয়েছেন ৭৭ ভোট আর পনিরের ভোট ৬৯। জেলা বিএনপির সর্বশেষ কাউন্সিলের ১৫১ জন কাউন্সিলরের মধ্যে ২ জনের মৃত্যু হওয়ায় ১৪৯ জন ভোট দেয়ার কথা। এদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৪৭ জন। জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট দীপেন দেওয়ান সভাপতি পদে দাঁড়ালেও ভোটযুদ্ধ থেকে সড়ে যান,তবুও তার নামের পাশে ১ টি ভোট পড়ে এবং সভাপতি পদে দুই প্রার্থীকেই ভোট দেয়ায় ১ টি বাতিল করা হয়।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবু নাছের এসব বিষয় নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্টি সাংস্কৃতিক ইনিস্টিটিউট মিলনায়তনে এ উপ-নিবার্চন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে উপ-নির্বাচনে কাউন্সিলররা ভোট প্রদান শুরু করেন।
ভোট গ্রহণ ও গণনা শেষে বেলা দুইটার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো: আবু নাছির। তিনি কোন প্রকার অনিয়ম,অভিযোগ ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে বলে জানান।
উপ-নির্বাচন ও সমাবেশে নির্বাচন পরিচালনা পরিষদের আহ্বায়ক মো: আবু নাছির’র সভাপতিত্বে এবং সদস্য সচিব মো: আবদুল কুদ্দুছ’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার এবং সহ-সাগঠনিক সম্পাদক হারুনুর রশিদ।
উপ-নির্বাচন শেষে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নিদের্শ প্রদান করা হয়। একই সাথে ঐক্যবদ্ধ হয়ে জেলায় ও উপজেলায় সাংগঠনিক কাজ করার নির্দেশনাও দেয়া হয়।
