কাইমুল ইসলাম ছোটন
নানান আনুষ্ঠানিকতায় রাঙামাটি সরকারি কলেজে পালিত হলো শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১ ফেব্রুয়ারি সকালে কলেজের হলরুমে শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহযোগী অধ্যাপক ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মনোয়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর জাহেদা সুলতানা, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক রনজিত বিশ্বাস।
ইংরেজি বিভাগের প্রভাষক ইকবাল হোছাইনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্যে রাখেন অধ্যাপক প্রফেসর মোঃ আবু ছৈয়দ চৌধুরী, সহযোগী অধ্যাপক পারভীন আখতার, সহকারী অধ্যাপক শানেনু চাকমা, প্রভাষক আনোয়ার হোছাইন এবং ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাহমুদ হোসাইন, অমর চাকমা ও তুষার চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া বলেন, কোন জাতি ভাষার জন্য জীবন দেননি, একমাত্র বাঙালিরা ভাষার জন্য রক্ত দিয়েছে। বর্তমানে অসংখ্য গান, কবিতার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা হচ্ছে। কিন্তু এখনো অফিস-আদালতের ভাষা সম্পূর্ণভাবে বাংলা হয়নি। যদি শুদ্ধভাবে বাংলা ভাষা বলা হয়, লিখা হয়। ভুল বানান ব্যবহার থেকে নিজেদের রক্ষা করতে পারলে দিবস পালন স্বার্থক হবে।
সভায় অন্য বক্তারা বলেন, ‘একুশ মানে মাথা নত না করা’ মায়ের ভাষার মাধ্যমে প্রত্যেক শিশু তার জীবন পরিচালনা করেন। অনেক সংগ্রামের মাধ্যমে ভাষার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্ব জানলো আমাদের আত্মত্যাগের কথা। দেশের সীমানা পেরিয়ে ১৯৩ টি দেশে ভাষা দিবস পালিত হচ্ছে। যথাযোগ্য মর্যাদায় একুশ বেঁচে থাকুক। এ সময় বক্তারা নতুন প্রজন্মের কাছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
আলোচনায় সভায় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, কর্মচারী এবং ছাত্র প্রতিনিধি সহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে ভোরে প্রভাতফেরি এবং কলেজের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ অন্যান্য বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্র রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। আলোচনা শেষে কলেজ শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
Previous Articleসাংবাদিক ঝুলন দত্তের পিতৃবিয়োগ
Next Article লংগদু কলেজে একুশের আলোচনা সভা
