নিজস্ব প্রতিবেদক
জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২১ উপলক্ষে রাঙামাটিতে প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) শ্রীবাস চন্দ্র চন্দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. ইয়াছিন।
এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. এরশাদ বিন শহীদ প্রমুখ। সভায় লংগদু উপজেলার ১০ জন ও রাঙামাটি সদর উপজেলার ১০ জনসহ মোট ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষী অংশগ্রহন করেন। তারা সকলেই বিভিন্ন মৎস্যজীবী ও মৎস্য চাষী সমিতির প্রতিনিধি হিসেবে অংশগ্রহন করেছেন।
মতবিনিময় সভায় মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষে মৎস্যজীবী ও চাষীদের পরামর্শ প্রদান করেন কর্মকর্তারা। এসময় মৎস্যচাষীরা তাদের জীবন মানোন্নয়নে কি কি কার্যক্রম গ্রহন করা যায়; সেসব বিষয় ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। এছাড়া মৎস্য কর্মকর্তাগণ মৎস্যজীবীদের জন্য সরকারের পক্ষ বিভিন্ন সুবিধা প্রদানের কথা উল্লেখ করেছেন।
‘বেশি বেশি মাছ চাষ করি; বেকারত্ব দূর করি’- এই স্লোগানকে সামনে রেখে গত ২৮ আগস্ট (শনিবার) থেকে আগামী ৩ সেপ্টেম্বর (শুক্রবার) পর্যন্ত শুরু হয়েছে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১। ইতোমধ্যে মৎস্য সপ্তাহের তিন দিন শেষ হয়েছে।
চতুর্থ ও পঞ্চম দিনে (৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর) চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ প্রদান এবং পুকুরের মাটি ও পানি পরীক্ষা করা হবে। ষষ্ঠ দিনে (২ সেপ্টেম্বর) মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী দেখানো হবে। শেষদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হবে।
