নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সালমা আক্তার (২৭) নামে তিন সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ডের ডাক্তার পাড়ার নিজ বাড়ির রান্না ঘরে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।
মৃত সালমা আক্তার ডাক্তার পাড়ার বাসিন্দা মোহাম্মদ হোসেন লিটনের স্ত্রী। তার স্বামী মাটিরাঙ্গার পূর্ব খেদাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গৃহবধূ সালমা আকতারের আত্মহত্যার বিষয়টি মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী সকালের দিকে স্কুলে চলে যাওয়ার পর নিজ বাড়ির রান্না ঘরের আঁড়ার সাথে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে সালমা। মায়ের ঝুলন্ত দেহ দেখার পরে তার বাচ্চারা চিৎকার করলে প্রতিবেশীরা তাকে উদ্ধার মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মিল্টন ত্রিপুরা তাকে মৃত ঘোষনা করেন।
মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মিল্টন ত্রিপুরা বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
মৃত সালমার স্বামী মোহাম্মদ হোসেন লিটন জানান, আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ জন্য চিকিৎসাও চলছিল। মানসিক অবসাদ থেকে এই ঘটনা ঘটেছে।
মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
