আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রাঙামাটি সদর উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের ২ (দুই) দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের রানী দয়ামীয় উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণের প্রথম দিনে প্রিজাইডিং অফিসার ও সরকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ শুরু হয়। শুক্রবার পোলিং অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক কে এম এম মামুনুর রশিদ। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এসএম শফি কামাল, সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সুফি উল্লাহসহ প্রশিক্ষণার্থীরা।
প্রধান অতিথি রাঙামাটির জেলা প্রশাসক কে এম এম মামুনুর রশিদ বলেন, ‘নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যাবতীয় সকল প্রস্তুতি শেষ করা হয়েছে। ভোট যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে চেষ্টা আমরা করে যেতে হবে। নির্ভয়ে থেকে সকলের অর্পিত দায়িত্ব পালন করতে হবে। কোনও অবস্থায় কোনও প্রার্থীর পক্ষে কাজ করা যাবে না। দায়িত্ব পালনে কেউ বাধা সৃষ্টি করলে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা থাকবে তাদের সহযোগিতা নিবেন’
প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং অফিসার ৩৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২৭৩ জন, পোলিং অফিসার ৫৪৬জনকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
