দীঘিনালার দূর্গম নাড়াইছড়ি এলাকা দিয়ে অবৈধভাবে ভারত সীমান্ত পার হওয়ার সময় ভারতীয় মুদ্রাসহ দুইজনকে আটক করেছে বিজিবি। আটককৃত দুইজনই নাড়াইছড়ির বাসিন্দা বলে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার নাড়াইছড়ির আরান্দিছড়া বিওপি’র বিজিবির সদস্যরা নিয়মিত টহল দিচ্ছিল। দুপুরের দিকে আরান্দিছড়া সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পুনময় চাকমা (৪৩) এবং রিপন চাকমা (৩৫) কে আটক করা হয়। তাদের কাছ থেকে ভারতীয় ২লাখ ৩৮হাজার ৪৩০ রুপি এবং বাংলাদেশী ১লাখ ৮৭হাজার ৪০৯ টাকা উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন, ২টি ভারতীয় সীম এবং ২টি বাংলাদেশি সীম উদ্ধার করা হয়। দুজনেই পার্বত্য অঞ্চল থেকে ঔষধি গাছ সংগ্রহ করে ভারতে নিয়ে ব্যবসা করে এবং দুজনেই মঙ্গলবার অবৈধপথে সীমান্ত পার হয়ে ভারতে গিয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবি’র নিকট স্বীকার করেছে।
বাবুছড়া ৭বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তানভীর মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল দূর্গম আরান্দিছড়া থেকে আটককৃতদের নিয়ে বাবুছড়া সদরদপ্তরের উদ্দেশ্যে বিজিবি রওয়ানা দিয়েছে। তবে সড়ক যোগাযোগ না থাকা এবং এলাকা অতি দূর্গম হওয়ায় পৌছতে গভীর রাত হয়ে যাবে। তাই শনিবার আটককৃতদের পুলিশের নিকট হস্তান্তর করা হবে।