জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক আকরামুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদে ও তার নি:শর্ত মুক্তির দাবিতে রাঙামাটিতে পুলিশী ব্যারিকেডের মধ্যেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাঙামাটি জেলা ছাত্রদল।
শনিবার সকালে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশী ব্যারিকেডের মধ্যেই দলীয় কার্যালয় চত্বরে সমাবেশ করে ছাত্রদল।
জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদাত মো: সায়েম এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক কামাল হোসেন,আনোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক মোরশেদুল আলমসহ রাঙামাটি সরকারি কলেজ,সদর থানা ও পৌর ছাত্রদলের নেতারা।
সমাবেশ থেকে কেন্দ্রীয় সাধারন সম্পাদকের নি:শর্ত মুক্তি দাবি করে বলা হয়, অবিলম্বে তাকে মুক্তি দেয়া না হলে সারাদেশের ছাত্রসমাজ গর্জে উঠবে। তারা কর্মসূচী পালনে বাধা দেয়ারও তীব্র সমালোচনা করেন।

রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার অভিযোগ করেন, আমাদের কেন্দ্রীয় সাধারন সম্পাদকের মুক্তির দাবিতে শান্তিপূর্ণভাবে মিছিল বের করতে চাইলে পুলিশী বাধার কারণে সেটা সম্ভব হয়নি। পরে বিএনপি কার্যালয়ের সামইে অবরুদ্ধ অবস্থায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছি আমরা।
