বান্দরবানে হয়রানিমূলক মামলা এবং গ্রেপ্তার বন্ধের দাবিতে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার দুপুরে বান্দরবান শহরের মধ্যমপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে জনসংহতি সমিতি, পাহাড়ী ছাত্র পরিষদ, যুব সমিতিসহ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী হয়রানিমূলক মামলা এবং গ্রেপ্তার বন্ধের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল বের করে। তবে পুলিশি বাধায় মিছিলটি বেশি দূর যেতে পারেনি। পরে দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় প্রতিবাদে সমাবেশে বক্তব্য রাখেন জনসংহতি সমিতির জেলা সভাপতি উছোমং মারমা, মহিলা সমিতির সভাপতি ওয়াইচিংপ্রু মারমা প্রমুখ।
সমাবেশে জেলা সভাপতি উছোমং মারমা বলেন, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রমূলক মিথ্যা হয়রানি মামলা করা হচ্ছে। গত ১৫ নভেম্বর রাজবিলা ইউনিয়নে ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক আব্দুল আলীমের কাছে চাঁদা দাবি করেন সন্ত্রাসীরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে গুলি করা হলে গুলি লক্ষ্যভ্রস্ত হয়। এ ঘটনায় আব্দুল আলীম বাদী হয়ে রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যানসহ জনসংহতি সমিতির ২৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে সদর থানায় হত্যার চেষ্টা এবং চাঁদাবাজির মামলা করেছেন বিষয়টি খুবই দুঃখজনক। সংগঠিত অপরাধমূলক কর্মকান্ডের মামলাগুলোতে পরিকল্পিতভাবে জেএসএস নেতাদের জড়ানো হচ্ছে। জেএসএস’র পক্ষ থেকে ষড়যন্ত্রমূলক মামলাগুলো প্রত্যাহার এবং হয়রানিমূলক গ্রেফতার বন্ধের দাবি জানাচ্ছি।

১ Comment
Agiye jao durber gotite