পুলিশের হাতে আটক রাঙামাটি জেলা বিএনপির সভাপতি মো: শাহ আলমসহ ৬ জনকে রাঙামাটি জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি রাতে রাঙামাটি জেলা বিএনপি কার্যালয় হতে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে রাঙামাটি কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২, তারিখ ৫/২/২০১৮। ধারা সন্ত্রাস নিরোধ আইন ২০০৯ সংশোধিত ২০১৩ এর ১১। এদিকে এক জামায়াত নেতাসহ রাঙামাটি থেকে গত দু’দিনে ১৭ জনকে আটক করেছে পুলিশ।
এদিকে মঙ্গলবার দুপুরে আটকদের রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে প্রেরণ করা হলে আসামিদের পক্ষে জামিন আবেদন এবং পুলিশের পক্ষে রিমান্ড আবেদন করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মো: মহসিন আগামী ৭ ফেব্রুয়ারি শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করে আটকদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
মামলার অপরাপর আসামিরা হচ্ছেন জেলা বিএনপির প্রচার সম্পাদক আবুল হোসেন বালি, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদ েেচৗধুরী, যুবদল সভাপতি সাইফুল ইসলাম শাকিল, সম্পাদক মো: ইলিয়াছ, ছাত্রদলের দপ্তর সম্পাদক মো: কামাল হোসেন।
এদিকে জাতির পিতার প্রতিকৃতির অবমাননার অভিযোগে কাপ্তাই থানায় দায়েরকৃত মামলার আসামি বিএনপি ও অংগসংঠনের ৬ জন নেতা কর্মীকে আটক করেছে কাপ্তাই থানা পুলিশ। সোমবার রাতে কাপ্তাই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হচ্ছেন মো: নুরুল আলম, মো: ডালিম, মো: হারুন, মো: ফয়েজ, মো: রবিউল, আব্দুল বারেক।
এছাড়া মঙ্গলবার লংগদু থেকে ২, বাঘাইছড়িতে ২, কাউখালীতে ১ একজনকে আটক করেছে পুলিশ।