ফাইন্যান্সিয়াল লিটারিসি অন এসএমই ব্যাংকিং বিষয়ক রাঙামাটি জেলা পর্যায়ের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ ও ৬ ফেব্রুয়ারি রাঙামাটিস্থ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের সহায়তায় স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) এই প্রশিক্ষণের আয়োজন করে। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, রাঙামাটি শাখা এই প্রশিক্ষণের লিড ব্যাংকের দায়িত্ব পালন করে।
৫ ফেব্রুয়ারি সোমবার সকালে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক মো: হুমায়ুন কবির। এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক সুমন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের উপ মহাব্যস্থাপক এম. সেলিম উদ্দিন, রাঙামাটি চেম্বারের প্রেসিডেন্ট বেলায়েত হোসেন ভূইয়া, নারী উদ্যোক্তা মনজুলিকা চাকমা, সোনালী ব্যাংকের রাঙামাটি জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক শান্তি বরণ চাকমা, নাসিব, রাঙামাটির সভাপতি বিপ্লব চাকমা। স্বাগত বক্তব্য রাখেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, রাঙামাটি শাখার ব্যবস্থাপক রণজিত বাহাদুর রায়।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির বলেন, এসএমই খাতে উদ্যোক্তাদের সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের প্রেরিত নির্দেশনা অনুসারে প্রতিটি বাণিজ্যিক ও রাষ্টায়ত্ত্ব ব্যাংকসমূহকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আগামী জুন মাসের মধ্যে রাঙামাটির বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা সমূহকে ন্যূনতম ১০ জন করে এসএমই খাতে উদ্যোক্তাদের লোন প্রদানের টার্গেট নির্ধারণ করে সে অনুযায়ী লোন প্রদানের আহবান জানান। একই সাথে তিনি ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ হতে প্রাপ্ত লোন নির্দিষ্ট নিয়মে পরিশোধের ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট নারী উদ্যোক্তা মঞ্জুলিকা চাকমা রাঙামাটির নারী উদ্যোক্তাদের লোন সহায়তা প্রদানের লক্ষ্যে প্রচলিত নিয়ম নীতি সহজতর করার আহবান জানিয়ে বলেন, লোন প্রদান পদ্ধতি সহজতর না হওয়ার কারণে অনেক নারী উদ্যোক্তা ব্যাংক লোন এর সুবিধা পাচ্ছে না। তিনি এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানকার উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের সুষ্ঠু বাজারজাতকরণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহবান জানান।
কর্মশালায় মোট ৯ বিষয়ের ওপর প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। ৬ ফেব্রুয়ারি বিকালে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। প্রশিক্ষণে রাঙামাটিস্থ বিভিন্ন রাষ্ট্রায়াত্ত্ব ও বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপক এবং স্থানীয় উদ্যোক্তাসহ মোট ৩২ জন অংশ নেয়।
