করোনা সংকট শুরুর পর ‘প্রকাশ্যে দেখা যাচ্ছেনা’ সামাজিক যোগাযোগমাধ্যমে এমন আলোচনা-সমালোচনার মধ্যেই সোমবার দৃশ্যপটে হাজির হলেন রাঙামাটি আওয়ামীলীগের কর্ণধার এবং এই জেলায় আওয়ামী রাজনীতির প্রাণপুরুষ হিসেবেই পরিচিত সংসদ সদস্য দীপংকর তালুকদার।
সকাল দশটায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে রাঙামাটি শহরের হত দরিদ্র মানুষের জন্য জেলা,সদর উপজেলা এবং পৌর আওয়ামীলীগের উদ্যোগে ত্রান সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দীপংকর তালুকদার।
এই সময় তার সাথে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা,জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য,সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি চিংকিউ রোয়াজা,জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা,সহসভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামালউদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা আওয়ামীলীগের তথ্য ও প্রচার সম্পাদক রফিকুল মাওলা,রাঙামাটি পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী সোলায়মান চৌধুরী,সাধারন সম্পাদক মনসুর আলী।
এইসময় দীপংকর তালুকদার নেতাকর্মীদের জেলাবাসির পাশে থাকার অনুরোধ জানিয়ে বলেন, এটি একটি বৈশ্বিক সংকট। এই সংকট মোকাবেলায় সরকার তার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ’
রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর পাহাড়টোয়েন্টিফোর ডট কমকে জানিয়েছেন, আমরা আওয়ামীলীগের পক্ষ থেকে শহরের ১ হাজার মানুষকে এই খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি। এর মধ্যে রয়েছে ৫ কেজি চাল,আলু ২ কেজি,লবন এক কেজি,তেল ১ লিটার,ডাল ১ কেজি এবং ২ কেজি পেঁয়াজ।’
