রাঙামাটি সদরের মানিকছড়ি এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মিশন চাকমা নামে এক যুবককে অস্ত্রসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্রসহ চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়েছে। আটকের পর শুক্রবার দুপুরে যৌথবাহিনী তাকে কোতয়ালী থানায় হস্তান্তর করে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনি জানান, বৃহস্পতিবার মধ্য রাতে যৌথ বাহিনীর এক অভিযানে মানিকছড়ির দেপ্পাছড়ি এলাকায় চাঁদা আদায়কালে হাতে নাতে মিশন চাকমাকে আটক করা হয়। প্রাথমিকভাবে সে ইউপিডিএফের চাঁদা কালেক্টর হিসেবে নিজেকে স্বীকার করেছে। যৌথবাহিনী আটকের পর আজ(শুক্রবার) দুপুরে তাকে অস্ত্র ও চাঁদা আদায়ের বইসহ কোতয়ালী থানায় হস্তান্তর করেছে। আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।