‘মহাকারুণিক গৌতম বুদ্ধের মৈত্রী বারিধারা ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৌদ্ধদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশ্ব শান্তি কামনায় সার্বজনীন মঙ্গল শোভাযাত্রা পালন করা হয়েছে। শুক্রবার সকাল আটটায় বাংলাদেশ পার্বত্য ভিক্ষু সংঘ বাঘাইছড়ি উপজেলা শাখা ও এলাকাবাসীর উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
মঙ্গল শোভাযাত্রার পূর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাচালং ভিক্ষু সংঘ সভাপতি শ্রীমৎ কল্যাণ মিত্র মহাথের। শোভাযাত্রা উদ্বোধন করেন মারিশ্যা জোন তথা ২৭বিজিবির জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহাবুবুল ইসলাম পদাতিক। এতে বিশেষ অতিথি ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব (জিতু), বাঘাইছড়ি থানা অফিসার ইনর্চাজ এমএ মনজুর, কাচালং ভিক্ষ সংঘ সহ সভাপতি শ্রীমৎ শান্তজ্যেতি থের, ৩৭৭ নং রুপকারি মৌজার হেডম্যান বিশ^জিৎ চাকমা, কাচালং সরকারি কলেজ প্রভাষক লালন কান্তি চাকমা, মারিশ্যা ইউপির সাবেক চেয়ারম্যান তন্তুমনি চাকমা ও মারিশ্যা ইউপি চেয়ারম্যান মানবজতি চাকমা প্রমূখ।
শোভাযাত্রাটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে তুলাবান বৌদ্ধ মন্দিরে গিয়ে শেষ হয়। এসময় ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়।
