নিজস্ব প্রতিবেদক
শ্রী শ্রী রক্ষা কালি মন্দিরের সার্ধশত বছর উদযাপন উপলক্ষ্যে প্রকাশিত বিশেষ স্মারক প্রকাশনা ‘যোগমায়া’র মোড়ক উম্মোচিত হয়েছে। মমতাময়ী প্রকাশনা পরিষদ এর উদ্যোগে এই প্রকাশনাটি প্রকাশিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় কাঠালতলীতে এই মোড়ক উম্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে,বিশিষ্ট সঙ্গীত গুরু মনোজ বাহাদুর গুর্খা,রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সহযোগি অধ্যাপক সজীব ত্রিপুরা,পার্বত্য চট্টগ্রাম আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চলের সম্পাদক ইন্টুমনি তালুকদার,লিটলম্যাগ ‘সান্তুুআ’ সম্পাদক অমল বিকাশ ত্রিপুরা, লিটলম্যাগ সম্পাদক ঝিনুক ত্রিপুরা, কবি নীতিভূষণ ত্রিপুরা,উন্নয়নকর্মী প্রণব চাকমা,গণমাধ্যমকর্মী শংকর হোড়।
মমতাময়ী প্রকাশনা পরিষদের সভাপতি কবি মলয় ত্রিপুরো কিশোরের সভাপতিত্বে ও দৈনিক পার্বত্য চট্টগ্রাম সম্পাদক ফজলে এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় বক্তারা, এমন প্রকাশনাকে সাধুবাদ জানিয়ে বলেন, অসাম্প্রদায়িক গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এইসব ছোট ছোট্ট উদ্যোগগুলো অসাধারন ভূমিকা রাখবে। তারা অনুরোধ করেন,মমতাময়ীর প্রকাশনার কাজগুলো যেনো নিয়মিতভাবে হয়।
সুনীল কান্তি দে তার বক্তৃতায় শ্রী শ্রী রক্ষাকালি মন্দিরের সার্ধশত বছরের এই সময়কালকে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, এইসব পুরোনো ধর্মীয়,সামাজিক প্রতিষ্ঠানসমূহ যেকোন শহরের মর্যাদা ও আভিজাত্যের প্রতীক হয়ে উঠে।
