সুহৃদ সুপান্থ
যুদ্ধের আগেই মাঠ ছেড়ে গেলেন রাঙামাটি বিএনপির সম্মেলনের সাধারন সম্পাদক পদের দুই হেভিওয়েট প্রার্থী অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির এবং অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।
বিষয়টি নিশ্চিত করে সাইফুল ইসলাম পনির বলছেন, ‘দলের ঐক্য ও সংহতির স্বার্থে এবং সরকার বিরোধী আন্দোলনে নিজেরা সবাই একসাথে মিলেমিশে কাজ করতে আমি সড়ে গেছি।’
একই কথা বলছেন, আরেক প্রার্থী অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। তিনি বলছেন-‘ আমি সড়ে যাইনি,ছাড় দিয়েছি। দলের ঐক্য ধরে রাখতে ও গ্রুপিং এড়াতে সবার অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছি।’
পনির এবং মামুন সড়ে যাওয়ায়,সঙ্গত কারণেই সাধারন সম্পাদক পদে এখন একক প্রার্থী হিসেবেই আছেন বর্তমান সাধারন সম্পাদক দীপন তালুকদার দীপু এবং তিনিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন, এটা প্রায় নিশ্চিতই বলা যায়।
পনির ও মামুন সরে যাওয়ায় এই পদে আর নির্বাচন হচ্ছেনা,এখন সভাপতি পদে বর্তমান সভাপতি শাহ আলমের সাথে লড়বেন সাবেক মেয়র সহসভাপতি সাইফুল ইসলাম ভূট্টো এবং সাংগঠনিক সম্পাদক পদে লড়বেন জেলা যুবদল সভাপতি সাইফুল ইসলাম শাকিল,সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ চৌধুরী এবং মোরশেদ আলম। এই পদে শাকিলের নির্বাচিত হওয়াটা প্রায় নিশ্চিত বলা যায়। অস্বাভাবিক কিছু না হলে এই পদে শাকিল জয় পাবেন। ফলে সভাপতি পদের দিকেই সবার নজর এখন।
