সরকারি নির্দেশনা না মেনে বাড়তি যাত্রী পরিবহন করা এবং বাড়তি যাত্রী পরিবহন করেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাঙামাটি শহরে যাত্রী সেজে ছদ্মবেশে অভিযান চালিয়েছে রাঙামাটি জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এই সময় অভিযোগের সত্যতা মেলায় অন্তত দুইজন চালকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেয়ার পাশাপাশি অন্যদেরও সতর্ক করে দেয়া হয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসনের ফেসবুক পেজ থেকে বলা হয়েছে-‘আজ ০৬/০৫/২০২১ তারিখ সিএনজি চালিত অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়কারীদের ধরতে ছদ্মবেশে রাঙ্গামাটি জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক অভিযান পরিচালিত হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলায় সরকার নির্ধারিত সমন্বয়কৃত ভাড়ার (বিদ্যমান ভাড়ার ৬০% বৃদ্ধি) অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া যায়। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশনা মোতাবেক ছদ্মবেশে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে সহায়তা প্রদান করে রাঙ্গামাটি জেলা পুলিশ। এ সময় সরকার নির্ধারিত সমন্বয়কৃত ভাড়ার (বিদ্যমান ভাড়ার ৬০% বৃদ্ধি) অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ০২ জন সিএনজি চালককে শাস্তির আওতায় আনা হয়। সরকারি বিধিনিষেধ প্রতিপালনে জেলা প্রশাসনের এরূপ অভিযান অব্যাহত থাকবে। রাঙ্গামাটি পার্বত্য জেলার সকল চালক ও যাত্রীদের যথাযথভাবে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হলো।’
এর আগে রাঙামাটি শহরের একমাত্র যাত্রী পরিবহন যান অটোরিক্সা বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ‘ব্যানার প্রদর্শন’ করে আন্দোলনে নামে একদল তরুন তরুণী। তারা জেলা প্রশাসরে দৃষ্টি আকর্ষন করে অভিযোগ আনে যে, শহরে চলাচলকারি অটোরিক্সাগুলো বাড়তি যাত্রী পরিবহন করলেও ভাড়াও বাড়তিই নিচ্ছেন।’
Previous Articleরাঙামাটি শহর সমাজসেবার ‘দায়িত্বহীন’ সেবা !
Next Article রোলারের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু
