মুকুল ফৌজের কাছে ৩-২ গোল ব্যবধানে হারলো আবাহনী ক্রীড়া চক্র। মঙ্গলবার বিকাল তিনটায় রাঙামাটির মারী স্টেডিয়ামে আবাহনী ক্রীড়া চক্রের মুখোমুখি হয় জেলা মুকুল ফৌজ।
গ্রুপ ‘বি’ এর পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা আবাহনী ‘ফেবারিট’ হয়েই মুকুল ফৌজের বিপক্ষে মাঠে নামে। প্রথমার্ধের খেলায় দৃশ্যত তা দেখা যায়নি উল্টো মুকুল ফৌজ ফেবারিটের মত ম্যাচে আধিপত্য নিয়েই মাঠে খেলতে থাকে। ম্যাচের ১৫ মিনিটের সময় পাইলো মারমা গোল করে এগিয়ে দেয় মুকুলকে। মুকুল আবারও আক্রমণে ব্যস্ত রাখে আবাহনীকে। মুকুলের দাপুটে খেলায় মাঠে আবাহনীকে খুঁজে পাওয়া দুস্কর হয়ে দাঁড়ায়। গোল শোধের পরিবর্তে নিজেদের রক্ষণভাগ সামলাতে হিমশিম খায় আবাহনী।
মুকুলের আকতার ম্যাচের ২৬ মিনিটের সময় আবাহনীর জালে বল জড়িয়ে গোল ব্যবধান বাড়ায়। ছন্দহীন আবাহনীকে আরও চেপে ধরে মুকুল। যারই ফল স্বরূপ ৩৯ মিনিটের সময় আবারো গোল করে বড় ব্যবধান তৈরি করে মুকুলের আকতার। ৩ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী ক্রীড়া চক্র।
বিরতি থেকে ফিরে মুকুল তার আধিপত্য আর ধরে রাখতে পারেনি। আবাহনী গোল শোধে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ করে মুকুলের রক্ষণভাগে। দ্বিতীয়ার্ধের ১৬ মিনিটের সময় আবাহনীর মোর্শেদ গোল করে ব্যবধান কমায়। ম্যাচে ফিরতে মরিয়া আবাহনী গোল চেষ্টা করতে থাকে। ১৮ মিনিটের সময় আরো এক গোল করে মোর্শেদ। বাকী সময়টুকু ম্যাচে বল দখলে রাখলেও আর গোল করতে পারেনি আবাহনী। মুকুলেক কাছে হেরেই মাঠ ছাড়তে হয় আবাহনীকে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রথম বিভাগ ফুটবল লীগ গত ১৭ অক্টোবর শুরু হয়ে আগামী ২৯ নভেম্বর শেষ হবার কথা রয়েছে। এ লীগে রাঙামাটি শহরের ১২টি ক্লাব অংশগ্রহণ করছে।
বুধবার বিকাল তিনটায় রাঙামাটির মারী স্টেডিয়ামে উইন স্টার স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে ইয়থ স্পোর্টিং ক্লাব।
