একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচরে ইতোমধ্যে মনোনয়ন যাচাই-বাচাইয়ের পর প্রতীক বরাদ্দের শেষে জোর প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। এ নির্বাচনে রাঙামাটি সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. শহিদুজ্জামান মহসিন রোমান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী অরুন কান্তি চাকমা।
এ উপলক্ষে সোমবার সকাল থেকে রাঙামাটি জেলা শহরের তবলছড়ি এলাকার পর্যটন রোড, খানবাড়ি, ওমদামিয়া পাহাড়, অফিসার্স কলোনী, মসজিদ কলোনী এলাকাসহ বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ করেন নৌকার প্রার্থী রোমান। এ সময় তার সাথে জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাওয়াল উদ্দিন, আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রাশেদ, সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন টিপুসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নৌকার প্রার্থী শহিদুজ্জামান মহসিন রোমান জনসংযোগকালে শান্তি, উন্নয়ন ও সম্প্রীতির স্বার্থে নৌকায় চান। এ সময় সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলমতের উর্ধ্বে কাজ করবেন বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অন্যদিকে, জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত প্রার্থী ও বর্তমান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, পুরুষ ভাইস-চেয়ারম্যান প্রার্থী অনুপম চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রিতা চাকমা রাঙামাটি শহরের কালিন্দীপুর, হাসপাতাল রোড, টিএনটি এলাকাসহ বিভিন্ন পাড়া মহল্লায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এ সময় তারা নির্বাচনি ইশতেহার ও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন ভোটারদের। জনসংযোগে তার সাথেও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিল।
