‘থাকলে কন্যা সুরক্ষিত, দেশ হবে আলোকিত’- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস ও বাল্য বিবাহ নিরোধ দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভিষণ কান্তি দাশ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজু।
মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়াম্যান হাছিনা বেগম, মাটিরাঙ্গা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা নিটোল মনি চাকমা, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাসেম ও মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়াদুল হক প্রমুখ আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন।
বাল্য বিবাহ প্রতিরোধে জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহবান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে মো. তাজুল ইসলাম তাজু বলেন, বাল্য বিবাহ সামাজিক ব্যাধিতে পরিনত হয়েছে। জনপ্রতিনিধিদের সহযোগিতা ছাড়া বাল্য বিবাহ প্রতিরোধ সম্ভব না।
সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভিষণ কান্তি দাশ বলেন, কারো ঘরে আগুন লাগলে যেমন আগুন নিভানোর জন্য কাউকে না কাউকে ডাক দিতে হয় তেমনি বাল্যবিবাহ নামক ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য কাউকে না কাউকে ডাক দিতে হবে। আমাদের সমাজে বাল্য বিবাহ নামক আগুন লেগেছে মন্তব্য করে তিনি বলেন, এ আগুন নিভানোর দায়িত্ব আপনাদেরই নিতে হবে।
