‘থাকলে কন্যা শিশু সুরক্ষিত, দেশ হবে আলোকিত’-এ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে বাল্য বিবাহ নিরোধ দিবস ২০১৮ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, নারী ও শিশু সংগঠনের প্রতিনিধিসহ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।
এসময় বক্তারা বাল্য বিবাহ রোধে সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, শুধুমাত্র আইন দিয়ে বাল্য বিবাহ রোধ করা সম্ভব নয়। সমাজের সকল শ্রেণীর মানুষকে বাল্য বিবাহ রোধে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহবান জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক জিয়া আহমেদ সুমন, সদর উপজেলা নির্বাহী অফিসার খান মো. নাজমুস শোয়েব, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী ও মহিলা বিষয়ক কর্মকর্তা অনুকা খীসা।
