মাটিরাঙ্গা প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় অস্ত্রসহ লালন চাকমা (৩৮) নামে প্রসীত বিকাশ খীসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের চিফ টোল কালেক্টরকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। শুক্রবার রাত ৯টার দিকে মাটিরাঙ্গার উপজেলার দুর্গম সাপমারা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
নিরাপত্তা বাহিনী সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার মাটিরাঙ্গা ও গুইমারা বাজার থেকে চাইল্যাপ্রু মারমা (২৩) ও চাথই মারমা (২৯) নামে ইউপিডিএফের দুই টোল কালেক্টরকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী। তাদেরকে জিজ্ঞাসাবাদে চিফ টোল কালেক্টর লালন চাকমার নামসহ আরো বেশকিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। চীফ টোল কালেক্টর লালন চাকমা সাপমারা থেকে পানছড়ি যাবে এমন তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের আভিযানিক দল সাপমারা এলাকাতে অবস্থান গ্রহণ করে। এসময় মোটর সাইকেল যোগে যাবার পথে লালন চাকমাকে সাপমারা হতে গ্রেফতার করে।
এসময় তার দেহ তল্লাশী করে মরক্কোর তৈরি একটি পিস্তল, একটি ম্যাগজিন ও চার রাউন্ড এ্যামোনেশন উদ্ধার করেছে সেনাবাহিনী। এছাড়াও চাঁদা আদায়ের রশিদ বই ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃত সন্ত্রাসী লালন চাকমাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাটিরাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী জানিয়েছেন, সশস্ত্র সন্ত্রাসী লালন চাকমা দীর্ঘদিন ধরে মাটিরাঙ্গা ও গুইমারা এলাকায় চাঁদাবাজি নিয়ন্ত্রন করে আসছিল। তার বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
পার্বত্য চট্টগ্রামের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পাহাড়ের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান মাটিরাঙ্গা জোন অধিনায়ক।
