খাগড়াছড়ি প্রতিনিধি
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে বিজিবির যামিনীপাড়া জোন।
রবিবার(২৬ মার্চ) সকালে মাটিরাঙ্গার বিজিবির যামিনীপাড়া জোন সদরে এক বর্ণঢ্য আয়োজনে ৩৪ জন বীর মুক্তিযোদ্ধাদের হাতে বিভিন্ন উপহার ও নগদ অর্থ তুলে দেন জোন অধিনায়ক লে: কর্নেল এ বি এম জাহিদুল করিম। এ সময় তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের অবদানকে অস্বীকার করলে বাংলাদেশকে অস্বীকার করা হবে।
একই সাথে স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু, স্বাধীনতা এবং বাংলাদেশ বিষয়ক জোন কামান্ডার কুইজ প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ৬০জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এতে ৪০ জনকে ২ বছর এবং ২০ জনকে ১ বছর করে বিনা বেতনে অধ্যয়নের ব্যবস্থা করা হয়েছে।
এ সময় মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ আশিকুর রহমান, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খানসহ স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
