রাঙামাটি জেলার কাপ্তাই নতুনবাজার এলাকায় মরা গরুর মাংস বিক্রির অপরাধে এক মাংস বিক্রেতা(কসাই)কে ভোক্তা অধিকার আইনের ৫২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১৭ মে) কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল তাঁর দপ্তরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই টাকা জরিমানা করেন।
কাপ্তাই নতুন বাজার বনিক কল্যান সমিতির সাধারণ মো: একরামুল হক জানান, রবিবার সকালে নতুনবাজার এর মাংস বিক্রেতা মোঃ আব্দুল মান্নান, একটি মরা গরুর মাংস বিক্রয় করছেন এমন সন্দেহে বাজারের বনিক কল্যান সমিতির সদস্যরা উক্ত মাংস জব্দ করে। পরবর্তীতে কাপ্তাই পুলিশ ফাঁড়ির সদস্যদের খবর দিলে তারা এসে উক্ত ব্যবসায়ীকে আটক করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উক্ত ব্যবসায়ীকে উপজেলা সদরে নেয়া হলে সেইখানে নির্বাহী কর্মকর্তার সামনে স্বীকারোক্তি দিলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযুক্ত কসাই জানিয়েছেন,রাউজানের পাহাড়তলি থেকে সে মাংসগুলো এনেছে।
